
অনলাইন ডেস্ক: মে মাসে ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্ত এলাকাসহ অন্য স্থান থেকে এসব জব্দ করা হয়।
শুক্রবার (২ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। এসব চোরাচালানে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি জানায়, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২০ কেজি ৫৬৯ গ্রাম সোনা, ৮৮ কেজি ৬৯৪ গ্রাম রুপা, এক লাখ ৫১ হাজার ৬৪৫টি কসমেটিক্স সামগ্রী, দুই হাজার ৭৬৬টি ইমিটেশন গহনা, ২১ হাজার ৪৮১টি শাড়ি, এক হাজার ২৭৫টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/ কম্বল, ৩ হাজার ৯১১টি তৈরি পোশাক। এছাড়াও এক হাজার ৯২৪ ঘনফুট কাঠ, ৬ হাজার ৬৬ কেজি চা পাতা, এক লাখ ১৬ হাজার ৪৩০ কেজি কয়লা, ২ হাজার ৫৯ কেজি কারেন্ট/সুতার জাল, এক লাখ ৬৫ হাজার ৮৯৩ ঘনফুট পাথর, ১০টি ট্রাক/কাভার্ডভ্যান, ১১টি পিকআপ, ৫টি প্রাইভেটকার, ২৫টি সিএনজি/ ইজিবাইক এবং ১১৬টি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি পিস্তল, ৮টি ম্যাগজিন, ৭টি গান, ১০০ কেজি সালফার, ৪টি বিস্ফোরক স্টিক, ৭টি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি।
বিজিবি আরও জানায়, মে মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১৯ লাখ ৫৫ হাজার ২১০ পিস ইয়াবা, ২৮ কেজি ৭১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৭ কেজি ৮৬০ গ্রাম হেরোইন, ২২ হাজার ৬১৪ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৬৮২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৭ ক্যান বিয়ার, ২ হাজার ৫৬৭ কেজি গাঁজা, এক লাখ ৭৫ হাজার ৬৩২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৯ হাজার ৫২০টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৪৪৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ৬৬১টি সিরাপ, ৬৯৮ বোতল এমকেডিল/ কফিডিল, ১৭ লাখ ৭৬ হাজার ৯৪১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ২ কেজি ৪৪৫ গ্রাম কোকেন এবং এক লাখ ৬০ হাজার ১৬৮টি অন্যান্য ট্যাবলেট।
এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জনকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ বাংলাদেশি, ৪ ভারতীয় এবং ২৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply