
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের সাজা ও আজীবন কারাদণ্ড বাতিলের একটি আইন পাস হয়েছে। বিলটি এখন সংসদের উচ্চকক্ষে যাবে ও রাজার সম্মতিতে আইনে পরিণত হবে। সংস্কার বিলটি এখন সিনেট থেকে পাস হয়ে আসতে হবে। আশা করা হচ্ছে, বড় ধরনের বিরোধিতা ছাড়াই বিলটি পাস হবে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে বক্তৃতা দেওয়ার সময় উপ-আইনমন্ত্রী রামকারপাল সিং বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনের অন্তর্নিহিত অধিকারের অস্তিত্বকে আমরা উপেক্ষা করতে পারি না।’
প্রতিবেদনে বলা হয়, এই আইন কার্যকর হলে হত্যা ও সন্ত্রাসবাদসহ মোট ১১টি গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড দেয়ার বৈধতা আর থাকবে না। তবে আদালতের বিবেচনার ভিত্তিতে বিকল্প শাস্তির আইন বহাল থাকবে। সে হিসেবে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া যাবে আসামিকে।
এএফপির খবরে বলা হয়, এই বিলে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়নি। তবে তা বাধ্যতামূলক নয়। এখন বিচারক চাইলে কিছু শর্ত সাপেক্ষে অপরাধীকে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডও দিতে পারবেন।
এ রায়ের ফলে প্রায় ১৩০০ এর বেশি মৃত্যুদণ্ড প্রাপ্ত কারাবন্দির ফাঁসির আদেশ পরিবর্তন করা হবে। দেশটিতে ২০১৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ রয়েছে। মালয়েশিয়ার সরকারি তথ্য মতে, ১৯৯২ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশটিতে ১৩০০ এর বেশি ফাঁসি কার্যকর হয়েছে।
Leave a Reply