
অনলাইন ডেস্ক: ভারতের উড়িষ্যায় শুক্রবার (২ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২শ’। আহত হয়েছেন প্রায় ১ হাজার যাত্রী।
উড়িষ্যার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু সরঙ্গীর বরাত দিয়ে রয়টার্স, বিবিসি ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতের রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওডিশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি ঘটনাস্থলে একটি মালবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে।
সারারাত ধরে ট্রেনের দরজা ভেঙে উদ্ধারকাজ চালানো হয়েছে। নামানো হয়েছে সেনাবাহিনীও। দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে প্রতিনিধি দল পাঠিয়েছেন ঘটনাস্থলে।
দুর্ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলোতে অনেক যাত্রী আটকা পড়ে আছেন। উদ্ধারকারীদের সহায়তা করছেন স্থানীয় লোকজনও। তবে রাতে অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে বলেন, ‘ওডিশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছি।’
দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ টাকা, গুরুতর আহতদের ২ লাখ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পর এক টুইট বার্তায় তিনি বলেন, রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনা পর্যবেক্ষণ করছেন। এদিকে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুপুর সোয়া ৩টায় হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে উড়িষ্যার বোলেশর বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি। একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে ওলটপালট হয়ে যায় ট্রেনটির একাধিক বগি।
Leave a Reply