
অনলাইন ডেস্ক: আচমকা অবসর ঘোষণা দিলেন মেসুত ওজিল। ফুটবলকে বিদায় বলে দিয়েছেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। মূলত চোটের সঙ্গে লড়াইয়ে হার মেনেই ৩৪ বছর বয়সে প্রিয় খেলাটিতে সাবেক বনে গেলেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানান ওজিল। ওই পোস্টের শুরুতে তিনি বলেন, ‘আমি পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করছি। আমার সৌভাগ্য যে প্রায় ১৭ বছর একজন পেশাদার ফুটবলার ছিলাম। তবে সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে একই রকম ইনজুরিতে ভুগছিলাম, এটি আরও স্পষ্ট করে দিয়েছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।’
ওজিল ২৫৪টি ম্যাচ খেলেছেন আর্সেনালের জার্সিতে। গানারদের হয়ে এফএ কাপ জিতেছে চারবার। রিয়াল মাদ্রিদের হয়ে ১৫৯ ম্যাচ খেলা এই মিডফিল্ডার পেয়েছেন লা লিগা এবং কোপা দেল রে জয়ের স্বাদ। ৩৪ বছর বয়সি তারকার সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জয়। ২০১৪ সালে জার্মানদের বিশ্বকাপ জয়ের দলে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ওজিল। জার্মানির জার্সিতে ৯২ ম্যাচ খেলে জালের দেখা পেয়েছেন ২৩ বার।
Leave a Reply