
অনলাইন ডেস্ক:পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার ঘটনায় তিন জঙ্গিসহ ৭ জন নিহত হয়েছেন ও ১৮ জন আহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রায় ৪ ঘণ্টা অভিযানের পর শুক্রবার রাতে পুলিশপ্রধানের কার্যালয় জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়। নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে একজন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। বাকি দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলার ঘটনায় রেঞ্জারস (সীমান্তরক্ষী) ও পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন।
শারিয়া ফয়সাল এলাকায় অবস্থিত পুলিশপ্রধানের কার্যালয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে হামলা শুরু করেন বন্দুকধারীরা। সন্ত্রাসীরা অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডোরা ওই পুলিশ কার্যালয়টি ঘিরে রাখে। রাত ১০টা ৪৬ মিনিটের দিকে গোটা ভবন জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়।
কঅভিযানে নেতৃত্ব দেওয়া সিনিয়র অফিসারদের মধ্যে পাকিস্তানের ডিআইজি ইস্ট মুকাদ্দাস হায়দার ছিলেন। তিনি জানান, মোট তিনজন হামলাকারী একটি টয়োটা করোলায় করাচি পুলিশ প্রধানের অফিসে আসে।
অভিযানের সময় কার্যালয়ের আশপাশে অবস্থান নেন পুলিশের স্নাইপার সদস্যরা। ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এদিকে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার দায় স্বীকার করেন।
Leave a Reply