
অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে শিবচতুর্দশী মেলা। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
মেলা কমিটি সূত্রে জানা যায়, তীর্থযাত্রীদের মূল লক্ষ্য থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের চুড়ায় থাকা চন্দ্রনাথধাম পরিক্রমা করা। প্রতিবছর শিবচতুর্দশীতে এ মন্দির পরিক্রমায় আঁকাবাঁকা পাহাড়িপথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠেন পূর্ণ্যার্থীরা। মেলায় চতুর্দশী তিথিতে ব্যাসকুণ্ডে স্নান-তর্পন, গয়াকুণ্ডে পিণ্ডদান করে তীর্থ যাত্রীরা। তাছাড়া সীতাকুণ্ডে থাকা প্রায় ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করবেন।
এদিকে শিব চতুর্দশী স্নান ও তীর্থস্থান ভ্রমন উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত বুধবার হইতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তির্থ যাত্রীদের সীতাকুণ্ড ভ্রমনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার সৈকত দেবনাথ বলেন, গত মঙ্গলবার থেকে সীতাকুণ্ডে থামছে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা ও সাগরিকা এক্সপ্রেস। এছাড়া সীতাকুণ্ড থেকে ছেড়ে যাচ্ছে সাগরিকা কমিউটার, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস ও ঢাকা মেইল।
অন্যদিকে তীর্থযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে প্রস্তুতি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, এবার তিনদিনের মেডিকেল ক্যাম্প প্রতিবারের মতো থাকবে। এবার অন্যান্য ওষুধের পাশাপাশি নতুনভাবে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।
শিবচতুর্দশী মেলার আইন শৃঙ্খলা প্রস্তুতি নিয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, প্রতিবছরের মতো এবারও মেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ইতোমধ্যে তাদের নিরাপত্তা জনিত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে প্রতিবছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে (শিবরাত্রি) তীর্থযাত্রীদের তিনদিনের এ মেলা বসে। মেলায় প্রায় ১০ লাখ লোকের সমাগম ঘটে।
Leave a Reply