
অনলাইন ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার আস্থা গড়ে তুলতে চলতি মে মাসে সেখানকার একটি প্রতিনিধি দল আশ্রয়শিবিরগুলো পরিদর্শনে আসার কথা। কিন্তু মিয়ানমারের তরফ থেকে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো জবাব বা তথ্য পায়নি বাংলাদেশ। এসব বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও মিয়ানমার এখনও কিছুই জানায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মহাপরিচালক সেহেলী সাবরীন বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি সাইক্লোন মোখার কারণে রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। মিয়ানমারের প্রতিনিধি দলটি মে মাসে আসার কথা ছিল। কিন্তু তারা কবে আসবে এবং প্রত্যাবাসন কবে শুরু হবে, সে তারিখ এখনও ঠিক হয়নি। তবে সম্ভবত শিগগিরই এ তারিখ নির্ধারণ করা হবে।’ মুখপাত্র আরও জানান, মোখার মূল ক্ষতি হয়েছে মিয়ানমারের রাখাইনে, কাজেই তাদের এ মাসে আসার কথা থাকলেও এখন তা না হয়ে পরবর্তী মাসে তারিখ নির্ধারণ হতে পারে।
ব্রিফিংয়ে দৈনিক সময়ের আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সরেজমিন রাখাইন সফর শেষে ফিরে এসে গত ৫ মে রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমার নিরাপত্তা-নাগরিকত্ব-ভিটেমাটি অধিকার না দিলে তারা রাখাইনে ফিরবে না। এমন পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়ার হালনাগাদ তথ্য কী? এ ছাড়া রোহিঙ্গাদের নিরাপত্তা-নাগরিকত্ব-ভিটেমাটি বিষয়ে বাংলাদেশ মিয়ানমারের কাছে কিছু জানতে চেয়েছে কি না, জানতে চেয়ে থাকলে মিয়ানমার কিছু বলেছে কি না?
জবাবে সেহেলী সাবরীন বলেন, গত ৫ মে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এবং প্রত্যাবাসনের প্রথম ব্যাচের অন্তর্ভুক্ত ২০ জন রোহিঙ্গা মিয়ানমারে রাখাইন রাজ্যের মংডু সফর করেন। সরেজমিন রাখাইন সফর শেষে ফিরে এসে রোহিঙ্গারা যে সব অস্পষ্ট বিষয় উল্লেখ করেছেন তা ইতিমধ্যে মিয়ানমারকে জানানো হয়েছে। প্রত্যাবাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল মে মাসে বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবে বলে আশা করা হচ্ছে। প্রথম ব্যাচে প্রত্যাবাসনের জন্য নির্ধারিত রোহিঙ্গাদের ব্রিফ করতে মিয়ানমারের যে দল বাংলাদেশে আসবে তারা অন্যান্য বিষয়ের পাশাপাশি এসব বিষয়েও আরও তথ্য দেবেন বলে আমরা প্রত্যাশা করি, যা রোহিঙ্গাদের আস্থা অর্জনে সহায়ক হবে।
সাংবাদিকরা প্রশ্ন করেন, মিয়ানমার প্রতিনিধি দল এ মাসের কত তারিখে আসবে? আর কবে নাগাদ প্রত্যাবাসন শুরুর পরিকল্পনা আছে? জবাবে মুখপাত্র বলেন, সাইক্লোন মোখায় মিয়ানমারের রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। তাই মিয়ানমারের প্রতিনিধি দল ঠিক কবে আসবে বা প্রত্যাবাসন কবে শুরু হবে তার তারিখ এখনও ঠিক হয়নি।
Leave a Reply