
সোনার বাংলা নিউজ ডেস্ক: মানিকগঞ্জের শিবালয়ে গৃহবধু রোমানা ইসলামের কোলজুড়ে এসেছে এক সঙ্গে চার সন্তান।এরমধ্যে দু’জন ছেলে ও দু’জন মেয়ে । সন্তান প্রসবের নির্ধারিত সময়ের আগেই চার শিশুর জন্ম হওয়ায় শারীরিক সমস্যা দেখা দিলে তাদেরকে রাখা হয়েছে আইসিইউতে। এতে প্রতিদিন খরচ হচ্ছে ৪০হাজার টাকা। এ ব্যয়বহুল চিকিৎসা নিয়ে কৃষক নয়ন চরম বিপাকে পরেছেন বলে জানা গেছে ।এ যেন আনন্দের মাঝে নিরানন্দ।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রোমানার চার সন্তানের জন্ম হয়। রোববার রাত ১০টার দিকে রোমানাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক আবু সাঈদ মো. আসলাম।
রোমানার স্বামী নয়ন শেখ জানান, শিবালয় উপজেলার ধামধরা গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান তিনি। ২০২১ সালের ১৫ মে রোমানা ইসলামকে পারিবারিকভাবে বিয়ে করেন। চার সন্তানের জন্মের খবরে পরিবার ও আত্নীয় স্বজন সবাই খুশি হলেও দুচিন্তায় রয়েছেন তিনি। নির্ধারিত সময়ের আগে অপরিপক্কভাবে জন্ম হওয়ায় ওই নবজাতক চার শিশুকে রাখা হয়েছে আইসিইউতে। এতে প্রতিদিন খরচ হচ্ছে ৪০হাজার টাকা।এভাবে প্রতিদিন মোটা অন্কের টাকা চিকিৎসা ব্যায়ভার বহণ করা দরিদ্র কৃষক পরিবারের সন্তান নয়নের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এজন্য সরকারি-বেসরকারিসহ বিত্তবানদের সহযোগীতা কামনা করছেন তিনি।
মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু সাঈদ মো. আছলাম বলেন, ৩৪ সপ্তাহে বাচ্চা জন্ম হওয়ায় নবজাতকদেরকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদেরকে একসপ্তাহ থেকে ১৫ দিন আইসিইউতে রাখা লাগতে পারে। তবে তারা সবাই শঙ্কামুক্ত আছে, মা রোমানা ইসলাম সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানান তিনি।
হাসপাতালের গাইনি বিভাগের শিশু ওয়ার্ডে পৃথক ওয়ার্মার যন্ত্রে চার নবজাতককে রাখা হয়েছে। আর গাইনি ওয়ার্ডের শয্যায় প্রসূতি রোমানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জনান ডা. আবু সাইদ মো. আছলাম।
Leave a Reply