
অনলাইন ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশগ্রহণের জন্য গতকাল পর্যন্ত মোট ১৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ১ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলরে ৯৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি করপোরেশন-২০২৩-এর রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার সোমবার বিকালে সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়র পদে এখন পর্যন্ত শুধু নৌকার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকাল পর্যন্ত সর্বমোট ১৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড থেকে ১ জন করে কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত রোববার মেয়র ও কাউন্সিলরসহ প্রার্থীরা মোট ১১০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর আসনে সর্বাধিক ৬ জন নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপরদিকে, ২৬, ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডে সর্বাধিক ১৬ জন পুরুষ প্রার্থী এবং ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। এখনও ১৫ দিন রয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের। হাতে রয়েছে সবার পর্যাপ্ত সময়। এ নির্বাচনে কাউন্সিলর পদে আরও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি জানান, সবেমাত্র আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হয়েছে আমরা ভোট করছি। এখনও সময় আছে মনোনয়নপত্র জমাদানের। তাই সামনে প্রচার ও নির্বাচনি ইশতেহার তৈরির বিষয়গুলো ঠিকঠাক করেই মনোনয়নপত্র সংগ্রহ করব।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মেয়র পদে লড়বেন মাওলানা হাফেজ মোরশেদ আলম ফারুকী। মনোনয়নপত্র উত্তোলনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের একটু সময় লাগবে মনোনয়ন সংগ্রহে। দলীয় সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের মনোনয়ন সংগ্রহ ও জমাদান করব।’ অন্যদিকে, এখনও স্পষ্টভাবে স্বীকার না করলেও মাঠ পর্যবেক্ষণ করছেন বলে দাবি জানিয়েছেন বিএনপির সাবেক নেতা সাইদ হাসান। বিএনপি ভোট বর্জন করায় তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে দাঁড়াবেন বলে গুঞ্জন রয়েছে।
প্রসঙ্গত, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে গত ২৬ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। চলবে আগামী ২৩ মে পর্যন্ত। আর যাচাই-বাছাই করা হবে ২৫ মে পর্যন্ত। ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে। আগামী ২১ জুন সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।
Leave a Reply