
অনলাইন ডেস্ক: বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে আইন-শৃঙ্খলা অবনতির কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, বিএনপির কর্মসূচি তাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। তবে তাদের এমন পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সড়ক বন্ধ করে কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে, সেখানে কর্মসূচি পালন করতে পারেন। কর্মদিবসে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানান তিনি। বুধবার সন্ধ্যায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে কমিশনার এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিএনপি পুরান ঢাকা থেকে দলীয় কার্যালয় হয়ে প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। দলটির পক্ষ থেকে এ বিষয়টি জানিয়ে গত মঙ্গলবার ডিএমপি কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়।
কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে এসবের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে কর্ম দিবসে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর কর্মসূচি না দেওয়ার অনুরোধ করছি। এসব রাজনৈতিক কর্মসূচি বন্ধের দিন করার অনুরোধ জানাচ্ছি। আর বিএনপির আগামীকালের কর্মসূচি পুরান ঢাকা থেকে শুরু হয়ে নয়া পল্টন দলীয় কার্যালয় হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই তিন-চার কিলোমিটার পথে পদযাত্রা করলে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হবে, যা রাত ১০/১১টা পর্যন্ত থাকবে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী দলগুলো ‘ওয়ার্কিং ডে’তে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। যৌক্তিক কর্মসূচির প্রতি আমাদের সম্মান রয়েছে। তবে ২ কোটি নগরবাসীর এই শহরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রাজনৈতিক দল ও সংগঠনগুলো অফিসিয়াল দিনে এমন সব কর্মসূচি দেয়, যার ফলে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। আমরা অনুরোধ করবো নগরবাসীকে এই সব দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য বিবেকবান ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এমন কোনো কর্মসূচি দেবেন না, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ হয়।
বিএনপির পদযাত্রার কথা উল্লেখ করে কমিশনার বলেন পুরান ঢাকার ব্রাদার্স ইউনিয়ন মাঠ থেকে পদযাত্রা শুরু করে দলের প্রধান কার্যালয় নয়াপল্টন এলাকা হয়ে প্রেসক্লাবে যাবে। বৃহস্পতিবার মানুষের অফিস ছুটির পরে বাড়িতে ফিরতে চাইবে, এই কর্মসূচির ফলে মানুষের যে দুর্ভোগ হবে এক কথায় তা অবর্ণনীয়। সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে ছুটির দিনে কর্মসূচি দিলে মানুষ দুর্ভোগ কম হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বিএনপিকে অনুরোধ করলাম জন দুর্ভোগ সৃষ্টি না করার জন্য। এটাকে আমরা নিরুৎসাহিত করছি। আমাদের বড় বড় মাঠ আছে, বন্ধের দিনে এই সব কর্মসূচি দেওয়া যেতে পারে। কিন্তু ব্যস্ত দিনগুলোতে ৩-৪ ঘণ্টা রাস্তা বন্ধ থাকলে মানুষ সমস্যায় পড়বে। বাড়িতে ফিরতে গেলে মানুষ বাস, ট্রেন মিস করতে পারে। বিএনপিকে আমাদের বক্তব্য জানিয়েছি। তবে তাদের কর্মসূচি বন্ধ করে দেবো বা করতে দেবো না এমন কোনো বার্তা দেওয়া হয়নি। আমরা জনগণের প্রতি দায়িত্বের জায়গা থেকে তাদের প্রতি ছেড়ে দিয়েছি। তবে আমরা আশা করছি তারা সহনশীল আচরণ করবে।
Leave a Reply