
অনলাইন ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উঠে এসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার আলোচনায়। এ নিয়ে দীর্ঘ আলোচনার এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানের পাশাপাশি এর সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার একনেক এর সভায় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়টি সভা শেষে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, বৈঠকে আগুনের ঘটনা নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বেশ আবেগাক্রান্ত হয়েছেন যে গরীবের দোকানগুলো পুড়ে গেছে। প্রধানমন্ত্রী আগুন নেভানোর সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করার কথাও বলেছেন।
এসময় তিনি জনগণকে আগুনের বিষয়ে সতর্কতা বৃদ্ধির কথা বলেছেন। এটা দোষারোপের বিষয় নয় যে তারা ছোট জায়গায় বেশি মানুষ থাকে, ইচ্ছা করে তো থাকে না। এইগুলো স্বীকার করেই আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের ফায়ার ফাইটিং যেসব প্রতিষ্ঠান আছে এগুলোর শক্তি বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছি আরও চালাতে হবে। মন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, রাজধানীতে ক্রমেই পানির জলাধার কমে যাচ্ছে। তাই এখন থেকে ভবন তৈরির সময় পাশে যেখান থেকে খুঁড়ে মাটি নেওয়া হয়, সেই গর্ত আর ভরাট করা যাবে না। যাতে ওই গর্তে কিছুটা হলেও একটা জলাধার সৃষ্টি হয়।
Leave a Reply