
অনলাইন ডেস্ক: কৃষিজাত পণ্যের জন্য বহির্বিশ্বে বাজার খুঁজতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সচিব বলেন, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোতে যেখানে আমাদের দেশের মানুষ আছেন, তাদের মধ্যেও বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে ফল, শাকসবজি কিনতে তারা আগ্রহী। সে জন্য এসব দেশগুলোতে বেশি নজর দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে আমাদের কৃষিজাত পণ্য রফতানিতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এ খাতে যাতে বেশি আলোকপাত করা হয়, তিনি সেই নির্দেশনা দিয়েছেন। সম্ভাব্য বাজার খুঁজতে নজর দিতে বলেছেন। যাতে এসব দেশ ভালো ক্রেতা হতে পারে।
মন্ত্রিসভা বৈঠকে ‘কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা-২০২৩’-এর অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ নীতিমালার আওতায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উৎপাদনে সরকারের তরফ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে যেসব প্রণোদনা ও সহযোগিতা করা হবে, তার একটি প্রস্তাবনা বা নীতিমালা তৈরি করা হয়েছে। আমরা কৃষি ও খাদ্যপণ্যে বিশেষ সফলতা অর্জন করেছি। এসব পণ্য প্রক্রিয়াজাত করে যারা উৎপাদনকারী তাদের উপযুক্ত মূল্য দেওয়া যাবে। নীতিমালায় বাজারজাতকরণের সুবিধা ছাড়াও রফতানির সুযোগ সৃষ্টি করতেও অনেকগুলো নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে, সীমান্তবর্তী নদী দিয়ে যে বালু আসে, সেটা মোটা বালু। সেটা আসতে আসতে চিকন হয়ে যায়। সে ক্ষেত্রে এসব উৎসে যদি ব্লক নির্মাণ করা যায়, তখন এ বালু বেশি কাজে লাগানো যাবে।
এতে আমাদের ওপর ড্রেজিংয়ের চাপটা কমে যাবে। যা লাভজনক ও অর্থনৈতিকভাবেই সাশ্রয়ী হবে। এ ছাড়া ওই এলাকাগুলোতে এ জাতীয় শিল্প তৈরি করতে অনুদান ও সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে তিনি নির্দেশনা দিয়েছেন।
Leave a Reply