
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ আসছেন আগামীকাল শনিবার। তিনি শনিবার কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে মাঠে জনসমাবেশে বক্তব্য রাখবেন। এ সময় তিনি ৪২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে। প্রধানমন্ত্রীর জনসমাবেশকে কেন্দ্র করে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। তার আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। জেলাজুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জে আসবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৮টায় সড়ক পথে গণভবন থেকে কোটালীপাড়ার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী। কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ সকাল ১১টায়।
জনসমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে বেলা ৩টায় রওনা হবেন। বিকাল ৪টায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন। কোটালীপাড়ায় বিভিন্ন দফতরের ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসন্ন এ সফরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার প্রতিটি রাস্তার দুপাশ তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।
আগামী বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ জন্য সভানেত্রী নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করবেন বলে মনে করছেন সাধারণ মানুষ। জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে মনে করেছেন নেতাকর্মীরা। গত ২২ ফেব্রুয়ারি বুধবার বিকালে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থল পরিদর্শন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রীর জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আশা ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে জনসমাবেশের সমন্বয়ক শেখ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে চার বছর পর তার নিজ নির্বাচনি এলাকায় জনসমাবেশে বক্তব্য রাখবেন। তার এই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি।
কোটালীপাড়া উপজেলার চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর জনসমাবেশ উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তার এই জনসমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়ার সব নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
Leave a Reply