
অনলাইন ডেস্: শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রা। শনিবার (২৪ জুন) সকাল থেকে অগ্রিম টিকিটে ঈদযাত্রায় বাড়ি ফিরছে মানুষ। ঈদ উপলক্ষ্যে ২৮ জুন পর্যন্ত শুধু কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় লাখ যাত্রী রাজধানী ছাড়বেন। রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা।
গত ৩০ মে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ঈদের ট্রেন চলাচলের সূচি জানিয়েছিলেন। মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ২৪ জুন শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত ঈদ সার্ভিস চলবে। ফিরতি ট্রেনের সার্ভিস শুরু হবে ১ জুলাই। যা চলবে ৬ জুলাই পর্যন্ত।
ঈদের এই সময়ে তিন জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে পাঁচ দিন চাঁদপুর-চট্টগ্রাম ও ঢাকা-দেওয়ানগঞ্জ পথে এসব ট্রেন চলবে। এক জোড়া বিশেষ ট্রেন চলবে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে। আর ৪ জুন থেকে ঢাকা-চিলাহাটী-ঢাকা রুটে চিলাহাটী এক্সপ্রেস নামে একজোড়া আন্তঃনগর ট্রেন চালু হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
ঈদযাত্রায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ৩২ হাজার আসনে যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে রেলের। মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে (স্ট্যান্ডিং টিকিট) যাওয়া যাত্রীদের কাছে বিক্রি করা হবে। স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে শুধু ঢাকার কমলাপুর, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশনে। মাঝপথে বিরতি নেয় এমন কোনো স্টেশনে স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন আনা হয়। অনলাইনে দুই ভাগে দেওয়া হয় অগ্রিম টিকিট। ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যায় সকাল ৮টা থেকে। আর দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয়।
Leave a Reply