
অনলাইন ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওই ঘটনার দায়ে অভিযুক্ত বহিষ্কৃত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। তিনি বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা মোতাবেক তাদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অন্য বহিস্কৃতরা হলেন, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম এবং চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী। তারা সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে, গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট, ১৯৮৭ এর অধ্যায় ২ ধারা ৮ অনুযায়ী, অভিযুক্তদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তবে এই শাস্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, বিধি সম্মত হয়নি বলে মন্তব্য করেন হাইকোর্ট।
এছাড়াও এই রায়কে অকার্যকর করেন হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্টের প্রথম ভাগের ৪, ৫, ৭ ও দ্বিতীয় ভাগের ২ (৮) ধারায় সাজা দিয়ে উপাচার্যকে আগামী ২৩শে আগস্ট প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।
Leave a Reply