
অনলাইন ডেস্ক: পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারসহ তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় তার গাড়িটিকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ডেপুটি হাইকমিশনারের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তবে গাড়ির আরোহী সবাই প্রাণে রক্ষা পেয়েছেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর এবং ছেলে মোহাম্মদ খোখর এবং কন্যা হুদা আব্বাস খোখরকে নিয়ে শ্রীমঙ্গলের মৌলভীবাজারে যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি মহাসড়কের রামপুর ব্রিজের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-১৯-৩২) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ডেপুটি হাইকমিশনারের গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাসের চালক মো. সাইফুল ইসলামকে (৩০) বাসসহ আটক করা হয়েছে। পরে অন্য একটি গাড়িতে করে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
Leave a Reply