
অনলাইন ডেস্ক: বৈশ্বিক অর্থনীতির চলমান টালমাটাল অবস্থার মধ্যেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোভিড সময়কাল ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, যা বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) নৌপরিবহন প্রতিমন্ত্রী গাজীপুরের ছোটজয়নগরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি পরিদর্শনকালে এসব কথা জানান।
নৌ প্রতিমন্ত্রী বলেন, মেরিটাইম সেক্টর অপার সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র। আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম সেক্টর থেকে। আমাদের মেরিন ক্যাডেট ও রেটিংসরা দেশি বিদেশি জাহাজে চাকরি করে বিপুলসংখ্যাক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। ২০৪১ সাল নাগাদ উন্নত ও স্মার্ট বাংলাদেশ তৈরিতে অর্থনীতির প্রধান হাতিয়ার হতে পারে মেরিটাইম সেক্টর। মেরিটাইম সেক্টরকে পুরোপরি কাজে লাগাতে পারলে আমাদের রিজার্ভ দাঁড়াত দুইশত বিলিয়ন ডলার। কিন্তু সেটি আমরা পারিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেরিটাইম ভিশনকে অনুসরণ করেই আমরা নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করে চলেছি। বঙ্গবন্ধুই টেরিটোরিয়াল জোন এবং মেরিটাইম বাউন্ডারি এ্যাক্ট প্রণয়ন করেন। আমরা যা অর্জন করেছি, তা আমাদের মহান নেতার হাত ধরে এসেছ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মেরিটাইম সেক্টর অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বঙ্গবন্ধুকে হত্যার পর সবচেয়ে বেশি আঘাত আসে মেরিটাইম সেক্টরে। এ সেক্টর তেমন এগোয়নি।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, মেরিন ক্যাডেট তৈরির জন্য চট্টগ্রামে মাত্র একটি মেরিন একাডমি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনার ফলে রংপুর, পাবনা, সিলেট এবং বরিশালে আরো চারটি নতুন মেরিন একাডেমি নির্মিত হয়েছে। সেখান থেকে অধিক সংখ্যক ক্যাডেট প্রতিবছর মেরিন বহরকে সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে যা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে।
তিনি বলেন, জাহাজের রেটিং তৈরির জন্য চট্টগ্রামে একটি মাত্র মেরিটাইম ইন্সটিটিউট ছিল। ইতিমধ্যে মাদারীপুরে একটি মেরিটাইম ইন্সটিটিউট নির্মাণ করা হয়েছে। কুড়িগ্রামে আরো একটি মেরিটাইম ইন্সটিটিউট নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে করে দেশি-বিদেশি জাহাজে রেটিংদের চাকরির ক্ষেত্র আরো বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আরো সহায়ক হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে প্রবেশ করবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে। উন্নত ও স্মার্ট বাংলাদেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে নৌপরিবহন মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী, একাডেমির কমান্ডেন্ট জাকী আহাদসহ, ফ্যাকাল্টি মেম্বার্স, ক্যাডেটরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী একাডেমিতে ‘স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন।
Leave a Reply