
অনলাইন ডেস্ক: ডেঙ্গু পরিস্থিতির কারণে ডাবের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করছে। বেশি দরে ডাব বিক্রি বন্ধে তাই দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। করা হচ্ছে জরিমানাও। কিন্তু এতেও দাম তেমন কমছে না। গত এক সপ্তাহ ধরে অস্থিতিশীল হয়ে উঠেছে সহজলভ্য এই ডাব। বর্তমান বাজারে ১৫০ টাকার নিচে কোনো ডাব মিলছে না। আকারভেদে ২০০ টাকায়ও বিক্রি হচ্ছে ডাব। আমাদের ব্যুরো এবং প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : ডাব অন্য যেকোনো স্বাভাবিক সময়ের চেয়ে তিন-চারগুণ বেশি দামে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। অভিযানে যার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালায় ভোক্তা অধিকার। অভিযানের কথা শুনে অনেক বিক্রেতা ডাবের ভ্যান ফেলে পালিয়ে যায়। তবে এ সময় ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডাব বিক্রি ও অবৈধভাবে মজুদ করায় দুই বিক্রেতাকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চমেক হাসপাতালের সামনে এক বিক্রেতা মাত্র পাঁচটি ডাব বিক্রি করছিলেন। প্রতিটি মাঝারি আকারের ডাব ২০০ টাকা করে বিক্রয় করছিল। এ ছাড়া শুধু ৫টি ডাব দেখে সন্দেহ মনে হলে বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে ডাব মজুদের কথা স্বীকার করে। পরে একটি ফার্মেসির পেছনে কয়েকশ ডাব মজুদ করে রাখার তথ্য দেয়। ডাব মজুদ করে রাখার অপরাধে ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আরেক বিক্রেতা ৬০ টাকায় কেনা ডাব ১৫০ টাকা বিক্রয় করায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হাসপাতালে ডাবের আরও বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকান থাকলেও ভোক্তা অধিকারের অভিযানের খবরে ভ্যান রেখে পালিয়ে যায় তারা।
ফরিদপুর : গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সব হাসপাতাল ও শহরের নীলটুলী মুজিব সড়কের জুয়েলের ডাবের দোকান, পশ্চিমা খবাসপুরের চান মিয়া, আবদুল লতিফ ও রাজুর অস্থায়ী ডাবের দোকানে দাম নিয়ন্ত্রণে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার তদারকি কার্যক্রম শুরু হলে এসব স্থানে ১২৫ টাকার ডাব ৮০-৯০ টাকায় বিক্রি শুরু করে ডাব ব্যবসায়ীরা। তবে সরকারি নিদের্শনা মোতাবেক এসব ডাবের দোকানে কোনো মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয় রসিদ দেখাতে পারেনি ব্যবসায়ীরা। ক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্যতালিকা টাঙানোর বিষয়ে ব্যবসায়ীদেরকে বিশেষভাবে সচেতন করা হয়েছে। তবে এতে কোনো ব্যবসায়ীদের জরিমানা করা হয়নি। জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা ও ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মেহেরপুর : মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজার এলাকায় বেশি দরে ডাব বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে সোহেল নামে এক ডাব ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। ডাবের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের পশুহাট, কোর্টরোড, বড় বাজার ও জেনারেল হাসপাতালের সামনের ডাবের দোকানিদের ক্রয় মেমো ও বিক্রি দর পর্যবেক্ষণ করা হয়। ক্রয়-বিক্রয় দরের সামঞ্জস্য বজায় রাখা এবং মূল্যতালিকা টাঙ্গিয়ে ডাব বিক্রির জন্য ডাব ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সজল আহম্মেদ। এ ছাড়াও মূল্যতালিকা প্রদর্শন না করায় আরও তিন মুদি দোকানির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এ বাজার অভিযানে।
রাজবাড়ী : অতিরিক্ত চড়া মূল্যে ডাব বিক্রি করায় চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে শহরের রাজবাড়ী সদর হাসপাতালের গেটের সামনে খুচরা দোকানগুলোতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি জানান, ডেঙ্গুর অজুহাতে রাজবাড়ীতে প্রতিটি ডাব সর্বনিম্ন ১০০-১৮০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। বিশেষ করে হাসপাতালগুলোর সামনে সবচেয়ে বেশি দামে ডাব বিক্রি করা হয়। দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের সামনের দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ডাবের দাম বেশি রাখায় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে আজগর ডাব ভান্ডারকে ২০০ টাকা, রুবেল ডাব ভান্ডারকে ২ হাজার টাকা, খোকন ফল ভান্ডারকে ২ হাজার টাকা ও সোলায়মান স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য খুচরা ব্যবসায়ীদের সতর্কতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
নওগাঁ: ডাবের মূল্য প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় নওগাঁয় ডাবের বাজারে অভিযান চালিয়ে তিন ডাব বিক্রেতাসহ চারটি প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি বলেন, মহাপরিচালকের নির্দেশে শহরের বেশ কয়েকটি এলাকায় ডাবের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, শহরের ঢাকা বাসস্ট্যান্ড, সোনার পট্টি, মুক্তির মোড় ও বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডাব ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয় ভাউচার (রসিদ) সংরক্ষণ করছেন না। এ ছাড়া ডাবের মূল্যতালিকাও প্রদর্শন করা হচ্ছে না। অভিযানের সময় ইসলাম ডাব আড়ত ও ঈমাম ডাব আড়তের প্রত্যেকে ৫০০ টাকা এবং সাজু ডাব আড়তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। আর বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বিআরটিসি বাস কাউন্টারে সেবার মূল্যতালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply