
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ টুডের উপজেলা প্রতিনিধি আবেদ হাসান আবেদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে।
রোববার(৮ জুন) রাত আটটার পরে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে একটি দোকানের ভিতরে উপজেলার সাবেক ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালায়।
জানা গেছে, হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে গত রোববার(৮ জুন) সন্ধ্যায় দড়িকান্দি এলাকার সুমনের সাথে মোটরসাইকেল পার্কিং নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাবুর কথা কাটাকাটি হয়। পরে ঘটনার সময় উপস্থিত থাকায় তিনি বিষয়টি মিটমাট করে দিয়ে পার্শ্ববর্তী এলাকার লেছড়াগঞ্জ বাজারে তিন রাস্তার মোড়ে টিটুর দোকানে এসে বসেন। এরপর সাবেক ছাত্রদল নেতা বাবু, নাজমুল, শাকিল মোল্লা, অনিকসহ ৪০-৫০ জন দূর্বত্ত নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা আবেদকে উদ্দেশ্য করে বলে, তুই প্রেসক্লাবের সেক্রেটারী হইছস তো কি হইছে তোকে মাইরা ফেলুম সহ নানা হুমকি দিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে চিকিৎসা নেন।
এ বিষয়ে হামলায় আহত সাংবাদিক আবেদ হাসান আবেদন জানান,’অতর্কিতভাবে এসে হামলাকারীরা আমার ওপর চড়াও হয় এবং প্রাণ নাশের হুমকি দিয়ে মারধর করে। এ ঘটনায় হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোমিন খান বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply