
অনলাইন ডেস্ক: ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে আগামী ১৭ ও ১৮ জুলাই সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার এবং ব্যক্তিগত অস্ত্রোপচার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্ত্রী ও প্রসূতিরোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি (অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) এই সিদ্ধান্ত নিয়েছে। ওজিএসবির সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সালমা রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে অস্ত্রোপচার ছাড়া সন্তান জন্ম দিতে সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার শরণাপন্ন হয়েছিলেন ইডেন কলেজের ছাত্রী মাহবুবা রহমান আঁখি। সেই চিকিৎসকের অধীনে তাকে ভর্তি করা হলেও ডা. সংযুক্তা সাহা দেশেই ছিলেন না। ভুল চিকিৎসায় নবজাতক শিশুকে হারানোর সাত দিনের মাথায় মারা যান মাহবুবা রহমান আঁখি (২৫)। ওই ঘটনায় দুই চিকিৎসক ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহাকে আসামি করা হয়। বর্তমানে তারা কারাগারে আছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জুলাই দেশের প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করবেন চিকিৎসকরা। সেইসঙ্গে আগামী ১৭ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে। সুত্র: সময়ের আলো
Leave a Reply