
অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের গোয়েন্দা বিভাগ দাবি করেছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর অসন্তোষ এতটাই বেড়েছে, যে ক্রেমলিন তার বিকল্প খোঁজা শুরু করেছে। এদিকে নিজে গাড়ি চালিয়ে আকস্মিক ইউক্রেন সফর করেছেন পুতিন। দখলকৃত ক্রিমিয়া ও মারিউপোল সফর করেছেন তিনি।
পুতিনের বিকল্প : ইউক্রেনের গোয়েন্দা বিভাগের দাবি, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিপর্যয়ে অসন্তোষ বাড়ছে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে। এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে পুতিনের পরিকল্পনা নিয়েও ক্ষোভের দানা বাঁধছে তার প্রশাসনে। সে কারণেই ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যেই প্রেসিডেন্ট পুতিনের বিকল্প খোঁজা শুরু করেছে ক্রেমলিন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে পুতিনের বিশাল সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, প্রত্যাশা অনুযায়ী ইউক্রেনে বিজয় অর্জন করতে পারেনি পুতিন। এমন ধারাবাহিক বিপর্যয়ে ক্রেমলিনে অসন্তোষ বাড়ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে ওঠে এসেছে। একাধিক গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে, ইউক্রেনে ক্লান্ত হয়ে পড়েছে রুশ যোদ্ধারা। এর মধ্যে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ভুগতে হচ্ছে মস্কোকে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদফতরের মুখপাত্র আন্দ্রি ইউসভ সম্প্রতি বলেন, পুতিনের চারপাশে বৃত্ত ছোট হয়ে আসছে। নিজে গাড়ি চালিয়ে ক্রিমিয়ায় পুতিন : ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার নবম বার্ষিকী উপলক্ষে শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঞ্চলটির সেভাস্তোপোল শহর সফর করেন। কোনো ধরনের ঘোষণা ছাড়াই নিজে গাড়ি চালিয়ে ক্রিমিয়ার এ শহরটিতে পৌঁছান তিনি। এক টেলিগ্রাম পোস্টে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ এ তথ্য প্রকাশ করেছেন।
টেলিগ্রাম পোস্টে রাজভোঝায়েভ লিখেছেন, আমাদের প্রেসিডেন্ট জানেন, কীভাবে চমক দিতে হয়। আজ শিশুদের জন্য আমাদের একটি আর্ট স্কুল উদ্বোধনের কথা ছিল। একটি বিশেষ যোগাযোগ লিংকের মাধ্যমে ভিডিও কনফারেন্স করার এবং প্রেসিডেন্টকে যুক্ত রাখার জন্য সবকিছু প্রস্তুত ছিল। শেষে প্রেসিডেন্টই সেখানে সশরীর চলে আসেন।
তাসের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রিমিয়ার পর ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত মারিউপোল শহরও সফর করেছেন। শহরটির বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি।
Leave a Reply