
অনলাইন ডেস্ক: থাইল্যান্ডে মে মাসের শুরুতেই সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। থাইল্যান্ডের রাজা মাহা
ভাজিরালংকর্ণ পার্লামেন্ট বিলুপ্তির ডিক্রি অনুমোদন করে নির্বাচনের পথ সুগম করেছেন। সোমবার রয়াল গেজেট এক ঘোষণায় এ কথা জানিয়েছে।
পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৪৫-৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করাই নিয়ম। নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে থাই উপ-প্রধানমন্ত্রী এর আগে বলেছিলেন, সোমবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হলে নির্বাচন হতে পারে ১৪ মে তে।
এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার নতুন ইউনাইটেড থাই নেশন পার্টিকে চ্যালেঞ্জ জানাবে মূলত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ের নেতৃত্বাধীন পিউ থাই পার্টি। থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। তার মেয়ে কয়েক মাস ধরেই জনমত জরিপগুলোতে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার চেয়ে এগিয়ে রয়েছেন।
জনমত জরিপে প্রধানমন্ত্রী হওয়ার সম্মুখসারিতে আছেন সিনাওয়াত্রার মেয়ে। গত সপ্তাহান্তে তার জনসমর্থন ১০ পয়েন্ট থেকে এক লাফে বেড়ে ৩৮ দশমিক ২ শতাংশ হয়েছে।
অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাডমিনিট্রেশনের (এনআইডিএ) জরিপে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা ১৫ দশমিক ৬৫ শতাংশ জনসমর্থন পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।
Leave a Reply