
সুমন হোসেন, বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে জেলা বিএনপির সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সদস্যরা হলেন এস এ জিন্নাহ কবির, আজাদ হোসেন খান, আতাউর রহমান, নুরতাজ আলম, সত্যেন কান্ত পণ্ডিত ও গোলাম আবেদিন। সদ্য বিলুপ্ত হওয়া জেলা বিএনপির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন এস এ জিন্নাহ কবির। এছাড়া, আগের কমিটিতে আজাদ হোসেন খান সহসভাপতি, আতাউর রহমান জ্যেষ্ঠ সহসভাপতি, নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদিন কায়সার সাংগঠনিক সম্পাদক এবং সত্যেন কান্ত পণ্ডিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে।

এদিকে, জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় জেলা-উপজেলায় আনন্দমিছিল ও শোভাযাত্রা বের করা হয়। এরই ধারাবাহিকতায় কমিটিতে সত্যেন কান্ত পণ্ডিত ভজন থাকায় বিকেলে শিবালয়ের আরিচা ৪নং ঘাট এলাকায় আনন্দমিছিল করেছেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। আনন্দমিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, জাসাস সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন বলেন, আমাদের নতুন কমিটি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক বড় দায়িত্ব দিয়েছেন। দলের সবাইকে নিয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করব। এছাড়া, তিনি সুখে দুঃখে সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। #
Leave a Reply