অনলাইন ডেস্ক: চুরি বা ডাকাতি নয়, এই শহরে সেলফি তোলাও চরম অপরাধ। ভুলবশত এই কাজ করলেও গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। সম্প্রতি সুন্দর মনোরম পরিবেশে ঘেরা ইতালির এক শহরে এমন নিয়ম জারি হয়েছে। যেখানে নিজস্বী তুললেই পর্যটকদের দিতে হচ্ছে ২৫ হাজার টাকা।
শহরটি ইতালির পোর্টোফিনো। পৃথিবীর সেরা শহরগুলোর মধ্যে অন্যতম এই পোর্টোফিনো। প্রাকৃতিকভাবেই এখানকার সৌন্দর্য্য নৈসর্গিক। নীল জলরাশির সঙ্গে ঘন সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়। তার মাঝে রং বেরঙের বাড়িঘর। সব মিলিয়ে এই শহরে একবার দেখলে ভোলা সম্ভব নয় বললেই চলে। তাই প্রতিবছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এসে ভিড় জমান এই শহরে। বিশেষত গ্রীষ্মকালে এই শহর হয়ে ওঠে ছবির মতো সুন্দর।
সম্প্রতি এই শহরের প্রশাসন অদ্ভুত এক নিয়ম জারি করেছে। সেখানে ঘুরতে যাওয়ায় কোনো বাধা না থাকলেও যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তোলায় কঠোর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ যদি সেলফি তোলেন তাহলে দিতে হবে প্রায় ২৫ হাজার টাকা জরিমানা।
আসলে পর্যটকদের সাময়িক বিনোদন রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল ওই শহরের বাসিন্দাদের। যেখানে সেখানে পর্যটকদের নিজস্বী তোলার জেরে যানজট লেগেই থাকতো পোর্টফিনোতে। আর এতেই সেখানকার বাসিন্দাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটত। তাই একপ্রকার নিয়ম করেই এই শহরে নিজস্বী তোলার রদ করেছে প্রশাসন। বছরের যে সময়টা সবথেকে ভিড় হয়, সেই গ্রীষ্মকালের কয়েক মাস কঠোরভাবে পালন করা হবে এই নিয়ম।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো পর্যটক যদি সেলফি তোলেন তাহলে মোটা টাকা জরিমানা দিতে হবে তাকে। তবে ইতালির এই শহরই শুধু নয়, বিশ্বের আরও অনেক জায়গায় সেলফি তোলা নিষেধ। কিছুক্ষেত্রে পর্যটকদের সুরক্ষার কথা ভেবে এমন নিয়ম করা হয়েছে। আবার কোথাও স্রেফ পর্যটকদের ব্যবহারে অতিষ্ট হয়েই এমন নিয়ম রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com