নিজস্ব প্রতিবেদক:কৃষির উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় মানিকগঞ্জের শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মানিষা রানী কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল ) সাদিয়া সাবরিনা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন শাকসবজি চাষের জন্য ৮০০ জন, রোপা আমন চাষের জন্য ১০০ জন, আউশ ধান চাষের জন্য ১০০ জন, পিয়াজ চাষের জন্য ১০০জন, তিল চাষের জন্য ২০০জন এবং মরিচ চাষের জন্য ২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া কৃষকদের মাঝে ১৭৫০টি গাছের চারা এবং ৪০টি এয়ার-ফ্লো বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার বলেন, প্রণোদনা হিসেবে রোপা আমনের বীজ, সাত ধরনের সবজির বীজ, এক প্যাকেট মরিচের বীজ এবং ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে কৃষকদের উৎসাহিত করতেই সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ অঞ্চলের অধিকাংশ আবাদী জমি সমতল। তাই বর্ষা কালে শাক সবজির চাহিদা মেটানোর জন্য ভাসমান মাঁচা তৈরি করে সবজি চাষের পরামর্শ দেন তিনি। এর জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com