
অনলাইন ডেস্ক: দেশের মানুষ আমাকে এত ভালোবেসে দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে। রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে ১০ বছর ছিলাম। এখন আবার রাজনীতিতে ফিরে গিয়ে বা অন্যকোন পদে যোগ দিয়ে এই পদটিকে সমালোচনায় ফেলতে চাই না।'- সাংবাদিকদের সঙ্গে আলোচনা কালে এভাবেই রাজনীতি বা অন্যকোন পদে না ফেরার বিষয়ে সোজাসাপ্টা জবাব দিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সোমবার (২৪ এপ্রিল) নতুন রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবন থেকে বের হয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
পরবর্তী জীবনে কী করবেন এমন প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রপতি বলেন, আমি তো এখন অবসরপ্রাপ্ত মানুষ। আমার তো আর তেমন কিছু করার নেই। কিন্তু সময় পেলে কিছু লেখালিখি করবো।
এ সময় তিনি আরও বলেন, 'এই উপমহাদেশে আমিই প্রথম রাষ্ট্রপতি হিসেবে একটানা ১০ বছরের বেশি দায়িত্ব পালন করলাম। এর আগে ভারত বা পাকিস্তানেও কেউ এত দিন দায়িত্ব পালন করেনি।'
তিনি আরও বলেন, 'সত্যি বলতে, জাতীয় সংসদে আমি স্বাচ্ছন্দ্যবোধ করতাম। এখানে আমি আসতে চাইনি। যাই হোক তবুও ১০ বছরের বেশি কাটিয়ে দিলাম।'
আজ এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে বঙ্গভবন থেকে আবদুল হামিদকে বিদায় জানানো হবে। মো. সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তরের পর আজই ঢাকার নিকুঞ্জ-১ এলাকায় তাঁর নিজের বাড়িতে উঠবেন আবদুল হামিদ। তিনতলা বিশিষ্ট এই বাড়িতে আসবাবসহ সব সরঞ্জাম দিয়ে বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে, নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ ১০ বছরের বেশি সময় দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন মো. আবদুল হামিদ। রাজধানীর নিকুঞ্জে তার নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’ জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com