অনলাইন ডেস্ক: হরিয়ানার হাতনিকুন্ড ব্যারেজ থেকে পানি ছাড়া কারণে ভারতের রাজধানী দিল্লিতে যমুনার পানির স্তর আবার বিপৎসীমা অতিক্রম করেছে। রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় নদীর পানি ২০৬ দশমিক ২৬ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। সন্ধ্যার মধ্যে এটি ২০৬ দশমিক ৭০ মিটারে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, হরিয়ানা থেকে দুই লাখ কিউসেক পানি ছাড়ার পরে দিল্লি সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
মন্ত্রী এবং আম আদমি পার্টি (এএপি) নেতা আতিশি শনিবার জানিয়েছিলেন, অরবিন্দ কেজরিওয়াল সরকার নিবিঢ়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে যমুনায় পানি প্রবাহ বেড়েছে। এর ফলে দিল্লির বেশ কয়েকটি জায়গায় বন্যা হয়েছে। যমুনার পানির স্তর ক্রমাগত বৃদ্ধির পিছনে প্রাথমিক কারণ হিসেবে রয়েছে হরিয়ানা ব্যারেজ থেকে পানি ছেড়ে দেওয়া। হিমাচলে প্রবল বর্ষণের কারণে ব্যারেজে প্রচুর পরিমাণে পানি এসেছে।
আতিশি জানিয়েছেন, পানির স্তর ২০৬ দশমিক ৭০ মিটারের বেশি বাড়লে যমুনা খাদারের কিছু অংশে বন্যা দেখা দিতে পারে। ‘সরকার এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত’ বলেন তিনি।
বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজস্ব বিভাগ কার্যকরভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট, ইস্টার্ন ডিস্ট্রিক্ট, বা যমুনা বাজার এবং যমুনা খাদারের মতো এলাকাই হোক না কেন, আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি।’
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com