অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
শনিবার বিকাল সাড়ে ৬টার সময় সীমান্তের শূন্যরেখায় ভরতীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পক্ষ থেকে ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফনিভুশন জমাতীয়া বাংলাদেশে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশানারের এএসও নবুল সোনোয়ালের কাছে আনারসগুলো বুঝিয়ে দেন। উপহার হিসেবে ১০০টি কার্টনে করে ৭০০ পিস (৯৮০ কেজি) কিউভেইরাটি জাতের ত্রিপুরার বিখ্যাত আনারস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো হয়।
এ সময় ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফনিভুশন জমাতীয়া বলেন, ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার বিখ্যাত কিউভেইরাটিস জাতের আনারস পাঠিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা খুব আনন্দিত যে আমাদের এই বিখ্যাত আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে পেরেছি।
এ সময় সীমান্ত শূন্যরেখায় উপস্থিত ছিলেন ত্রিপুরা হটিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য, আগরতলা স্থলবন্দর ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া সহকারী রাজস্ব কর্মকর্তা আশরাফ উদ্দিন, ইমিগ্রেশন কর্মকর্তা এএসআই দেওয়ান মোরশেদুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com