অনলাইন ডেস্ক: বোরোর ধানের চাষ ও উৎপাদন বাড়াতে ১৭০ কোটি টাকার প্রণোদনার আওতায় ২৭ লাখ কৃষককে বিনামূল্যের সার-বীজ দেবে সরকার। তিন ক্যাটাগরিতে ২৭ লাখ কৃষককে বিনামূল্যের সার-বীজ দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপিতে কৃষি মন্ত্রণালয় জানায়, বিনামূল্যে ১৫ লাখ কৃষকের প্রত্যেককে ২ কেজি করে বীজধান দেওয়া হবে। হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ৮২ কোটি টাকার প্রণোদনার আওতায় এ সহায়তা দেওয়া হবে।
এছাড়া উচ্চফলনশীল জাতের উৎপাদন বৃদ্ধির জন্য ১২ লাখ কৃষককে সার ও বীজ দেওয়া হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।
পাশাপাশি ধান লাগানো ও কাটার জন্য ১৫ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে। এজন্য ৬১টি জেলায় ১১০টি ব্লক বা প্রদর্শনী তৈরি করা হবে। প্রতিটি প্রদর্শনী হবে ৫০ একর জমিতে যাতে খরচ হবে ১৩ লাখ ৭০ হাজার টাকা।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে ইতোমধ্যে এসব প্রণোদনার ৫০ শতাংশ বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com