শাহরিয়ার বিশ্বাস উর্বি, শিবালয় থেকে: শিবালয়ের অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। পবিত্র রমজান উপলক্ষে আজ ১৮ মার্চ ২০২৬ (২৮ রমজান) বিকেলে আয়োজিত এ মিলনমেলায় অংশ নেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই ছিল প্রাণচাঞ্চল্য। প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি প্রিয় শিক্ষকদের উপস্থিতি আয়োজনটিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে। দীর্ঘদিন পর শিক্ষক-শিক্ষার্থীদের এমন মিলন যেন সবার মনে ফিরিয়ে আনে সেই ফেলে আসা দিনের স্মৃতি।
আয়োজনে সর্বোচ্চ উপস্থিতি ছিল এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের, যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন ব্যাচের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার শেষে শুরু হয় গল্প, আড্ডা ও স্মৃতিচারণা। শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আন্তরিক আলাপচারিতা এবং হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com