
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, 'দেশের অর্ধেকের বেশী ভোটার নারী। আর অধিকাংশ নারীরাই সবসময় ধানের শীষে ভোট দেন। কাজেই আগামী নির্বাচনে প্রতিটি ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। একাজে পুরুষের চেয়ে নারী কর্মীরা বেশী ভূমিকা রাখতে হবে। সেই বিবেচনায় মহিলা দলের নেতা-কর্মীদের আরও বেশী ভূমিকা পালন করতে হবে।'
তিনি আজ মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন।
তিনি বলেন, 'নারীর তিন রূপ-কণ্যা, জায়া, জননী। এই তিন অবস্থায় থেকে নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। বিএনপি সরকার গঠন করতে পারলে আগামীতে নারীদের কল্যাণে কাজ করা হবে।'
জেলা মহিলাদলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুমা খান মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীয়ার খান সিপার, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, গোমাম কিবরিয়া সাইদ ও জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি সানজিদা রহমান ছন্দা।
এর আগে, দুপুর ১২টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে তা জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com