
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৯টি ইউনিটের চেষ্টায় বিকাল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মিলে থাকা তুলা সুতা সহ মেশিনারিজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সাড়ে ১২টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও (কাতরারচক) এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিল লিমিটেড নামক তুলা থেকে সুতা তৈরি কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও শ্রমিকরা ঐ কারখানায় কাজ করছিলেন।
দুপুর সাড়ে ১২ টার দিকে কারখানার তুলা ফেটার সেকশনে মেশিন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় মেশিন থেকে আগুন দাও দাও করে জ্বলে ওঠে। এক পর্যায়ে কারখানায় থাকা শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার করে কারখানার ভেতর থেকে বাইরে বের হতে শুরু করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে কারখানায় থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালায় কিন্তু আগুনের লেলিহন শিখা বাড়তেই থাকে। খবর পেয়ে ডেমড়া, কাঞ্চন, নারায়ণগঞ্জ, আড়াই হাজার ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগমন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে কারখানায় থাকা তুলা সুতা ও মেশিনারিজসহ মালপত্র পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সময় মত শ্রমিকরা কারখানা ত্যাগ করায় হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সাওঘাট -আড়াই হাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা ছোটাছুটি করে সড়কে অবস্থান করায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে করে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীসহ যাত্রী সাধারণ।
কারখানার শ্রমিক ইব্রাহিম, ইয়াছমিন, আবু তাহেরসহ আরো অনেকে বলেন, আমরা দ্রুত কারখানা থেকে না বের হলে হতাহতের ঘটনা ঘটতো। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি কারখানার নিরাপত্তায় পুলিশ কাজ করেছে। তবে সময় মত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের মিলকারখানায় আগুন ছড়িয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটতো।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে। বেলা সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে, কি পরিমান বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাতও বলা যাবে।
নান্নু স্পিনিং মিল লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, কারখানার ভবনসহ সুতা তুলা মেশিনারিজসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। হিসেব করে ক্ষয়ক্ষতি পরিমাণ বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com