
শাহজাহান বিশ্বাস: রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরি ঘাটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে পানিতে ডুবে গেছে।
জানা গেছে, দুর্ঘটনার শিকার হওয়া বাসটি এস বি পরিবহনের বাসটি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরিতে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করে। জেলা প্রশাসনও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রশাসন ঘটনাস্থলে যাচ্ছে বলে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও ছিল। বাসটি ফেরিতে ওঠার আগেই প্রশাসনের কর্মকর্তারা যাত্রীদের নামিয়ে দেন। তবে বাসে চালক, হেলপার ও সুপারভাইজারসহ তিনজন ছিলেন, তাঁদেরও উদ্ধার করা হয়েছে। সামান্য আহত হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।ওই বাসে ৪০জনের মতো যাত্রী ছিল। তবে বাসটি ফেরিতে ওঠার আগেই সকল যাত্রী বাস থেকে নামিয়ে দেয়া হয়েছিল। বাসের চালক, হেলপার ও সুপারভাইজার বাস ডুবে যাওয়ার পর পরই উদ্ধার হয়েছেন। তবে এখনও কোনো হতাহত খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
এদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যাচ্ছেন।
উল্লেখ্য এর আগে গত ২৫ মার্চ বিকাল ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে ডুবে যায়।
এ ঘটনায় কয়েকজন সাঁতরে ও স্থানীয়দের সহযোগীতায় তীরে উঠলেও বেশিরভাগ যাত্রীই ডুবে যায়। দীর্ঘ সাত ঘণ্টা পর ডুবে যাওয়া বাসটি নদী থেকে টেনে তুলেছিল উদ্ধারকারী জাহাজ হামজা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com