
অনলাইন ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (২৩ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, দেশব্যাপী দুর্নীতি দমন দুদকের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার। দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায়। উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রপতি এসময় দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
সাক্ষাৎকালে কমিশনার আছিয়া খাতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com