অনলাইন ডেস্ক: চলতি বোরো মৌসুমে দিনাজপুর জেলার ১৩ উপজেলার ১ লাখ ৭৩ হাজার হেক্টর জমিতে হয়েছে ধানের চাষাবাদ। ধান কাটা মাড়াই ইতোমধ্যে শুরু করেছেন কৃষকরা। এখন সেই ধান রাত জেগে সিদ্ধ করে সকাল থেকে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। রাত-দিন পরিশ্রম করেও যেন ক্লান্তি নেই তাদের। নিজ ক্ষেতের ধান ঘরে তোলার আনন্দে ভাসছেন তারা।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার ঘোড়াঘাট উপজেলার চোরগাছা গ্রামের একটি স্কুল মাঠে গিয়ে দেখা যায়, গ্রামের কৃষকরা পুরো মাঠে ধান শুকানোর জন্য নিজ নিজ নেটজাল বিছিয়ে রেখেছেন। বাড়ি থেকে সিদ্ধ করা ধান বস্তায় করে মাঠে বিছানো নেটজালের উপর ঢালছেন তারা। আর কৃষাণীরা সে ধান পা দিয়ে নেটজালে আলগা করে দিচ্ছেন। গ্রীষ্মকাল প্রচন্ড সূর্যের তাপে ধানে পা দিচ্ছেন কৃষাণীরা। যত বেশি ধানে পা দিবেন ততই তাড়াতাড়ি শুকাবে ধান।
কৃষাণীদের কাজের গতি দেখে মনে হয় কোনো ক্লান্তি নেই তাদের। কেন না আগামী আমন মৌসুম পর্যন্ত ঘরের চাল করে নিতে হবে তাদের।
কৃষণী মরিয়ম বিবি বলেন, ইরি ধান কাটা-মাড়াই শুরু করেছি। ধান বিক্রি করা হবে। ছয় মাসের জন্য ঘরের চাল তৈরি করতে হবে। তাই ভোররাতে ধান সিদ্ধ করেছি। সিদ্ধ ধান এই মাঠে শুকাচ্ছি।
খাদিজা বেগম নামের এক কৃষাণী বলেন, এবার আমার স্বামী জমিতে ইরি ধানের চাষ করেছেন। এবছর ফলন ভালো হয়েছে। জমির ধান কাটা মাড়াই শুরু করেছি। সারা রাত জেগে আমরা দু’জনে মিলে ধান সিদ্ধ করেছি। সকালে বস্তায় করে দুইজন মিলে এই স্কুল মাঠে নিয়ে এসেছি। মাঠে নেট বিছিয়ে শুকাতে দিয়েছি। আকাশের অবস্থা ভালো আছে, সারাদিনে সব ধান শুকিয়ে যাবে। পরে মিলে ধান ভাঙাবো, আগামী ইরি মৌসুম পর্যন্ত আমাদের আর কোন চিন্তা নাই।’
কৃষক আজগর আলী বলেন, এবার ৩২ বিঘা জমিতে ইরি ধান চাষ করেছি। ফলন অনেক ভাল, বিঘাপ্রতি ২৫ থেকে ২৬ মণ ধান ঘরে তুলবো। কাটা-মাড়াই শুরু করেছি। বাজারে ধানের দামও ভালো আছে। বাড়ির খাওয়ার জন্য ধান সিদ্ধ-শুকান করা হচ্ছে। আগামী আমন মৌসুম পর্যন্ত এই ধানের চালেই আমাদের সংসার চলবে।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, দিনাজপুর জেলায় ১ লাখ ৭৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। হাকিমপুর উপজেলায় ৭ হাজার ৫৯৫ হেক্টর জমিতে এই ধান চাষ হয়েছে। ধান কাটা-মাড়াই শুরু করেছে কৃষক। ফলনও ভালো এবং বাজারে দামও ভাল আছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com