
অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে বলে জানিয়ছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয়টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আনিসুল হক বলেন, শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার পরিবারের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছেন। ওই আবেদনের ওপর আইনি মতামত দিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো এটি আমার কাছে এসে পৌঁছায়নি। আইন মন্ত্রণালয় থেকে মতামত দিয়ে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হবে। আমরা কী মতামত দেব তাও আপনাদের জানিয়ে দেব।
এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। এর আগে দুটি শর্তে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। ঢাকা থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না— এই দুই শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়েছিল। সবশেষ তার মুক্তির মেয়াদ যখন বাড়ানো হয়েছিল, তখনো এই দুই শর্তেই তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে তা সত্যি নয়। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com