
অনলাইন ডেস্ক: অসহ্য গরমে ঘরেবাইরে অস্বস্থিকর আবহাওয়া। দিনে খোলা আকাশের নিচে রাস্তায় দাঁড়ানো যায় না। গরম হাওয়ায় যেন মরুর বুকের লু হাওয়া বয়ে যাচ্ছে দেশজুড়ে। তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। জ্যৈষ্ঠের দহনে পুড়ছে দেশের মানুষ। দেশের সব শ্রেণির, সব পেশার মানুষের অবস্থা শোচনীয়। যাদের বাসায় এসি রয়েছে কিংবা অফিসে যাদের এসি আছে তারা কিছুক্ষণের জন্য স্বস্তি পেলেও বেশিরভাগ মানুষ অস্বস্তির মধ্যে রয়েছে। তীব্র গরমে ফ্যানের বাতাস যেন আগুনের হল্কা ছড়ায়। কোথাও কোনো স্বস্তি নেই।
শ্রমজীবী মানুষ যে একটু গাছের তলায় ছায়া নেবে তারও জো নেই। তীব্র গরম থেকে একটু পরিত্রাণ পেতে অনেকে ছোটেন চার্জার ফ্যান কিনতে। কিন্তু তার দাম যেন আকাশছোঁয়া।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, এই তাপদাহ আরও কিছু দিন চলবে। তবে চট্টগ্রাম আর সিলেটে হয়তো কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাপদাহ কমবে এমন আশা করা যায় না।
তিনি জানান, এখন সারা দেশে মাঝারি ধরনের তাপদাহ চলছে।
অন্যদিকে কানাডার সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ১৪ জুন পর্যন্ত চলমান তাপদাহ অব্যাহত থাকবে। এ সময় তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আজ থেকে ১২ জুন পর্যন্ত বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। অর্থাৎ তাপমাত্রা ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠার সম্ভাবনা রয়েছে। আর জেলাগুলো হচ্ছে- চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা, রাজশাহী, নাটোর ও পাবনা।
কেন এত গরম লাগছে?
এই প্রশ্নের উত্তরে তিনি জানান, আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে মানুষের শরীর থেকে ঘাম দ্রুত শুকাচ্ছে না। তেমনি তাপ ত্যাগ করে শরীর ঠাণ্ডা হতে পারছে না। ফলে ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মধ্যে অস্বস্তি অনুভব করে সবাই। এখন ঘাম হবে অতিরিক্ত। ফলে অস্বস্তি লাগবেই।
তিনি জানান, মৌসুমি বায়ু এখন অনেক দূরে। বাংলাদেশ উপকূল থেকে অনেক দূরে। টেকনাফের উপকূলে আসতে পারে ১২ জুন। এরপর চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেটে বৃষ্টি হতে পারে। আস্তে আস্তে মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়বে। তবে মৌসুমি বায়ু না আসা পর্যন্ত আবহাওয়া এই ধরনেরই থাকবে।
অন্যদিকে রাত আর দিনে লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সবার অপেক্ষা থাকে কখন বিদ্যুৎ আসবে। তীব্র গরম আর লোডশেডিংয়ে শরীর আর মনের ওপর সবার এক ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com