
শাহজাহান বিশ্বাস, ২৫ মে: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীসেবা ও ঘাট ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাট এলাকা পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সোমবার (২৫ মে) দুপুরে তিনি আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকায় পৌঁছে ফেরিঘাট ও লঞ্চঘাটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন, ভাড়া বেশী নিচ্ছে কিনা তা যাচাই করেন। তাদের যাত্রা সংক্রান্ত সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ঘাট এলাকায় দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং মাঠপর্যায়ে কোনো সমস্যা রয়েছে কিনা, তা যাচাই করতেই আজকে এই পরিদর্শন করা হচ্ছে।
তিনি বলেন, “আমরা একাধিকবার বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। ঈদযাত্রীদের কাছ থেকে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ১০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছোটখাটো বিষয় হলেও এগুলো আমাদের নজর এড়িয়ে যাওয়ার কথা নয়।”
তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিতে পারে, তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে তিন নম্বর ফেরিঘাটে লোকাল গাড়ির যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পান প্রতিমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট কালেক্টর ঠিকাদারকে জরিমানা করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের পরেও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আমাদের এ তদারকি কার্যক্রম চলমান থাকবে।
মন্ত্রীর ঘাট পরির্দশনের সময় বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে পাটুরিয়া ৩ নং ফেরি ঘাট সংলগ্ন স্থানে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মারুফ খান (৩২) কে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিনাজমুল।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com