
অনলাইন ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেস কাটতে না কাটতেই নিউমার্কেটে আগুন। ঈদের আগমুহূর্তে এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বারবার এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেটে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘ঈদের ঠিক আগে একের পর এক রাজধানীর মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। অধিকাংশ আগুন ভোরে ঘটছে। ব্যবসায়ীরা অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
এসব অগ্নিকাণ্ড একই সূত্রে গাঁথা নাশকতা কিনা জানতে চাইলে মাইন উদ্দিন বলেন, ‘আমি আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব এই বিষয়টি খতিয়ে দেখার জন্য- কেন একের পর এক মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে এক স্বেচ্ছাসেবকসহ ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য আহত হয়েছেন জানিয়ে মহাপরিচালক বলেন, ‘আমাদের মনোযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে ফায়ারফাইটাররা আহত হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘কিন্তু উৎসুক জনতা ভীড় করার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণকাজকে ব্যাহত করছেন। আমি আহ্বান জানাব, শুধু এখানকার আগুন নয়, যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভীড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন, তবে আমাদের কাজ আরও সহজ হবে।’
এর আগে গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারের জনপ্রিয় খুচরা ও পাইকারি কাপড়ের সাতটি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত পাঁচ হাজার দোকান পুড়েছে এবং ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির নেতাদের দাবি।
এর ১০ দিনের মাথায় নবাবপুর মার্কেটের একটি গুদামে আগুন লাগে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com