অনলাইন ডেস্ক: মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হয়ে গেল।
শুক্রবার সকাল ৮টায় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খোলা হয় এবং সাড়ে ৮টার পর থেকে ট্রেন থামতে শুরু করে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলোই চালু করার প্রতিশ্রুতি পূরণ হচ্ছে। বর্তমান সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলছে। আগামী জুলাই মাসে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ট্রেন। সারাদিন ট্রেন পরিচালনার প্রস্তুতি হিসেবে ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে।
এর আগে, গত ১৫ মার্চ চালু করা হয় মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশন। তারও আগে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ চালু করা হয়। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেলপথের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট পৌনে বারো কিলোমিটার অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পরদিন থেকে বাণিজ্যিকভাবে চলা শুরু করে মেট্রোরেল। গত ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় অংশ আগামী ডিসেম্বর মাসে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com