
অনলাইন ডেস্ক: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুই হাজার ৪১৮ জন। যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এর আগে সোমবার একদিনে দুই হাজার ২৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিত থেকে তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি এবং বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৬৪৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে।
আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩৭ হাজার ৬৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৩৩৯ জন।
Leave a Reply