
অনলাইন ডেস্ক: নিজের প্রোডাকশন হাউজ থেকে প্রথমবারের মত সিনেমা নির্মাণ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার নাম ‘লাল শাড়ি’। এ ছবির মধ্য দিয়ে তিনি প্রথমবার জুটি বাঁধেন সাইমন সাদিকের সঙ্গে।
গত বছরের নভেম্বরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের কৌড়ি গ্রামে শুটিং শুরু হয় ‘লাল শাড়ি’র। একটানা শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমার কাজ শেষ করেন নির্মাতা বন্ধন বিশ্বাস। এখন চলছে সম্পাদনার কাজ।
সিনেমাটিতে অপু বিশ্বাসকে দেখা যাবে তাঁতশ্রমিকের মেয়ে শ্রাবণীর চরিত্রে। অন্যদিকে সাইমন সাদিকের চরিত্রের নাম রাজু। এই নায়ক বলেন, একটা ভিন্ন বিষয়ে এই ছবির গল্প লেখা হয়েছে। গল্প পড়েই শুরুতে মুগ্ধ হয়েছি। শুটিংয়ের পর তো মনে হয়েছে, একটা ভালো কাজের অংশ হলাম।

নির্মাতা জানান, এখন ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের সম্পাদনা ও আবহসংগীতের কাজ চলছে। আগামী মাসে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।
২০২১-২২ অর্থবছরে বরাদ্দকৃত সরকারি অনুদানের ‘লাল শাড়ি’র গল্প সাজানো হয়েছে মফস্সলের একটি তাঁতপল্লিকে ঘিরে। ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। অপু বিশ্বাস-সাইমন সাদিক ছাড়া এখানে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, সুমিত সেনগুপ্ত, রাশেদ মামুন অপু ও শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
Leave a Reply