1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে নবাগত ইউএনও’র মতবিনিময় এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা আমারও রয়েছে: তারেক রহমান ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন দেশীয় জাতের প্রানীজ আমিষ খাদ্যের  চাহিদা সবার কাছে বেশি পছন্দের শিবালয়ে এস এ জিন্নাহ কবিরের প্রচারনা জনসভায় মানুষের ঢল শিবালয় উপজেলা পরিদর্শন করলেন নবাগত মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অফিসের ব্যাগ চুরি: কথিত ৫ সাংবাদিক আটক শিবালয়ে স্কুলবাসে আগুণের ঘটনায় ৫জন আটক   সিংগাইরে এক যুবকের ওপর আর্তকিত হামলায় গুরুতর আহত সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

বিনয় ও নম্রতা মর্যাদা বাড়ে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিনয় ও নম্রতা মানুষের অন্তরে ভালোবাসার বীজ বপন করে। বিনয়ী মানুষ খুব সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। আল্লাহর কাছেও মানুষের পছন্দনীয় গুণ হলো বিনয় ও নম্রতা। অর্থাৎ মানুষ কখনো নিজের বড়ত্বের প্রত্যাশী হবে না, বরং সর্বদা নিজেকে ছোট ও তুচ্ছ মনে করবে এবং নিজের কথাবার্তা, চলাফেরায় সর্বদা বিনয় প্রকাশ করে চলবে। এমন গুণের অধিকারী ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এ জন্য পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ‘রহমানের বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে।’ (সুরা ফুরকান : ৬৩)

বিনয় বা নম্রতা মূলত মানুষের আত্মিক একটি গুণ। কিন্তু তা প্রকাশ পায় তার বাহ্যিক চলাফেরায়। এ জন্য দাম্ভিক চলাফেরা মানুষের অহংকার প্রকাশ করে। পক্ষান্তরে চলাফেরায় নিজের অসহায়ত্ব ও বিনয় প্রকাশ তার দিলেও বিনয় রয়েছে বলে প্রমাণ করে। হজরত লোকমান (আ.) নিজ পুত্রকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, ‘পদচারণে মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর’ (সুরা লোকমান : ১৯)। এই আয়াতের তাফসিরে হজরত মুজাহিদ (রহ.) বলেন, চলাফেরায় মধ্যবর্তিতার অর্থ হলো বিনয়ের সঙ্গে চলা (রুহুল মাআনি : ২১/১৩৮)। তেমনিভাবে উপরোক্ত আয়াতে নম্রভাবে চলার অর্থ বিনয়ের সঙ্গে চলা। তাই যে ব্যক্তি বিনয়ী হবে সে কখনো লোকদের সামনে দাম্ভিক হয়ে চলবে না। বরং তার চলাফেরা দেখে মানুষ তাকে বিনয়ী ও নম্র হিসেবে স্বীকৃতি দেবে, এটাই আল্লাহ তায়ালার পছন্দ। হজরত ইয়াজ বিন হামার (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তায়ালা আমার ওপর ওহি পাঠিয়েছেনে যে, বিনয়ী হও এবং কোনো ব্যক্তি যেন অন্যের ওপর অহংকার এবং জুলুম না করে।’ (মুসলিম : ২৮৬৫)

ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) প্রসঙ্গে একটি বর্ণনা আছে। একদিন হজরত ওমর (রা.) মিম্বারে খুতবা দিচ্ছিলেন, হে লোকসব! চলাফেরায় বিনয়ী হও, কেননা আমি নবী করিম (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় বানিয়ে দেন। ফলে সে নিজের চোখে নিজেকে ছোট মনে করে। কিন্তু মানুষের দৃষ্টিতে সে বড় হয়ে যায়। এর বিপরীতে যে অহংকার করে আল্লাহ তায়ালা তাকে লাঞ্ছিত করেন। ফলে সে মানুষের দৃষ্টিতে নিকৃষ্ট হয়ে যায় কিন্তু সে নিজেকে অনেক সম্মানিত মনে করে। এমনকি সে মানুষের চোখে কুকুর-শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। (মেশকাত : ২/৪৩৪)

হজরত আবদুল্লাহ বিন আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) জমিনে লৌকিকতা ছাড়াই বসে পড়তেন এবং জমিনে বসে খানা খেতেন। মাঠ নিজ হাতে বকরি বাঁধতেন এবং গোলামের দাওয়াতও কবুল করতেন। (শুয়াবুল ঈমান : ২/২৯০)

এসব রাসুল (সা.)-এর বিনয় ও নম্রতার উজ্জ্বল দৃষ্টান্ত। পরিপূর্ণ গুণাবলির অধিকারী হওয়া সত্ত্বেও তাঁর জীবন চরিত সম্পূর্ণ লৌকিকতামুক্ত ছিল। নিঃসন্দেহে এটাই সেই সাদাসিধা জীবন এবং লৌকিকতামুক্ত ও অসহায়ত্বের দৃষ্টান্ত ছিল, যার কারণে রাসুল (সা.) সব মাখলুকের প্রিয় ছিলেন। এ জাতীয় আখলাক ও গুণাবলি নিজের ভেতরে অর্জন করে তাঁর উম্মতের মর্যাদার অধিকারী হতে পারে। রাসুল (সা.)-এর বিনয় চরিত্রে সাহাবায়ে কেরামও দীক্ষিত ছিলেন। তাই সাহাবায়ে কেরাম ও খোলাফায়ে রাশেদিনের জীবনীও বিনয় ও নম্রতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের জীবন ছিল অত্যন্ত সাদামাটা। খলিফা হওয়া সত্ত্বেও তাদের কোনো দাম্ভিকতা ছিল না। অতি সাধারণের মতো জীবনযাপন করতেন। প্রতিটি কথায়-কর্মে বিনয় প্রকাশ পেত। হজরত আবদুল্লাহ ইবনে সালাম (রা.) একবার একটি লাকড়ি নিয়ে তার বাগান থেকে বাইরে এলেন। লোকেরা তাকে দেখে বলল, আপনি যদি আপনার কোনো ছেলে বা ক্রীতদাসের মাধ্যমে এই কাজটি করাতেন! তখন তিনি বলেছিলেন, আমি আমার মনকে পরীক্ষা করছি যে, এ কাজটি করতে আমাকে তো খারাপ দেখাচ্ছে না অর্থাৎ অন্তরে যদি এ কাজ করাকে মেনে না নেয়, তাহলে তা বিনয় পরিপন্থি হবে। (শুয়াবুল ঈমান : ৬/২৯২)

খলিফা হজরত উমর বিন আবদুল আজিজ (রা.)-এর সঙ্গে এক ব্যক্তি রাতে মেহমান হয়েছিলেন। তিনি চেরাগের আলোতে কিছু লিখছিলেন। হঠাৎ চেরাগ নিভে যাওয়ায় মেহমান বললেন, ‘আমাকে দিন, আমি ঠিক করে দিচ্ছি অর্থাৎ এতে তেল ইত্যাদি ঢোকাতে হবে।’ ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) উত্তরে বললেন, ‘মেহমানের কাছ থেকে খেদমত নেওয়া ভালো কাজ নয়।’ মেহমান বললেন, ‘তাহলে একজন ক্রীতদাসকে ডাক দিই, সে বাতি ঠিক করে দেবে?’ তিনি বললেন, ‘না, সে-ও তো এখন ঘুমিয়ে আছে। অতঃপর তিনি নিজে উঠে শিশি থেকে তেল নিয়ে চেরাগে ঢোকালেন।’ মেহমান অবাক হয়ে বললেন, ‘হে আমিরুল মুমিনিন, আপনি নিজেই কষ্ট করছেন!’ ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) উত্তরে বললেন, ‘আমি যখন এই কাজ করতে গিয়েছিলাম তখনও আমি ওমর ছিলাম এবং যখন কাজ শেষে ফিরে এলাম তখনও ওমরই আছি। তার মধ্যে কোনো ঘাটতি আসেনি এবং সর্বোত্তম ব্যক্তি সে-ই যে আল্লাহর সামনে বিনয়ী হয়।’ (ইইয়াউ উলুমিদ্দিন : ৩/২১৪)

হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) বলেন, ‘একজন ব্যক্তি ঈমানের পরিপূর্ণতা অর্জন করতে পারে না যতক্ষণ না তার কাছে পদমর্যাদার চেয়ে নম্রতা বেশি গুরুত্বপূর্ণ ও পছন্দনীয় না হবে এবং দুনিয়ার সামান্য প্রাপ্তি অঢেল সম্পদের বিপরীতে প্রিয় না হবে। হকের বিষয়ে মহব্বত রাখার বিষয় তার কাছে বরাবর না হবে এবং নিজের ঘরের আপনজনদের জন্য যে ফয়সালা করবে অন্যদের জন্যও একই ফয়সালা না করবে’ (কিতাবুয যুহুদ : ৫৩)। ইমাম শাফেয়ি (রহ.) বলতেন, ‘বিনয় ও নম্রতা মানুষের অন্তরে ভালোবাসার বীজ বপন করে দেয়। অল্পে তুষ্টি প্রকৃত তৃপ্তি পাওয়ার একটি মাধ্যম।’ (আল ইলমু ওয়াল উলামা : ২২২)

এসব বিনয় আর নম্রতার কারণেই তারা মানুষের হৃদয় রাজ্যে স্থান করে নিয়েছে এবং ইতিহাস তাদের আজও স্মরণ করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এসব বিনয়-নম্রতার খুবই অভাব। সর্বত্রই অন্যের ওপর নিজের শ্রেষ্ঠত্ব আর বড়ত্বের প্রতিযোগিতা চলছে, যা জীবনের উপভোগকে বিস্বাদ করে তুলেছে এবং ঈমানের গুণাবলির মজা থেকে বঞ্চিত করে রেখেছে। দাম্ভিকতা আর আমিত্বের এই প্রতিযোগিতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আল্লাহ তায়ালা তাঁর দয়া ও অনুগ্রহে আমাদের ঈমানি গুণে গুণান্বিত এবং সত্যিকারের বিনয়ী হওয়ার তওফিক দিন।

লেখক : মুফতি ও মুহাদ্দিস, জামিয়া ইমদাদিয়া- আরাবিয়া শেখেরচর, নরসিংদী

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :