
অনলাইন ডেস্ক: নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার রাতে মানিকগঞ্জ বালক উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘নিপাহ ভাইরাস একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হার ৭৫ শতাংশ। নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধ নাই এবং কোনো চিকিৎসাও নাই। কাজেই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। বাঁদুড় খেজুরের রস খায়, বিভিন্ন কাঁচা-পাকা ফলের ওপর বসে থাকে। মানুষ সেসব খেজুরের রস ও ফল খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়।’
অনুষ্ঠানে মন্ত্রী জানান, বাংলাদেশে নিপাহ ভাইরাসে এখন পর্যন্ত আটজন আক্রান্ত হয়েছে এবং পাঁচজন মারা গেছে। এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য জন্য ঢাকা নর্থ সিটি করপোরেশনের হাসপাতালে ২০ বেড এবং বক্ষব্যাধি হাসপাতালে ৫টি বেড তৈরি করা হয়েছে। নিপাহ ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা করা হচ্ছে।
বিএনপির সমালোচনা করে জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশের প্রতিটি মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছে। কাজেই আমরা নিরাপদে আছি। কিন্তু আমাদের বিরোধীরা ভ্যাকসিনের বিরুদ্ধেও ক্যাম্পেইন করেছিল। ভ্যাকসিনকে গঙ্গার জল বলেছিল এবং টিকা নিলে মানুষের ক্ষতি হয়ে যাবে বলেও অপপ্রচার চালিয়েছে। যারা দেশ ও দেশের মানুষের মঙ্গল চায়, তারা এমন পরার্মশ দেয় না। এসব আমাদের সবাইকে বুঝতে হবে।’
বিজয় মেলার উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply